মিঠাপুকুরে পাকা রাস্তার দাবিতে গ্রামবাসির মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

ভারী বৃষ্টিপাত আর ট্রাক্টর চলাচলের কারণে কর্দমাক্ত হয়ে পড়েছে গ্রামবাসির একমাত্র যোগাযোগ মাধ্যম কাঁচা রাস্তাটি। কাদা পানিতে একাকার হয়ে যাওয়ায় যানবাহন তো দূরের কথা, পায়ে হেটে চলাও দায়। রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের কোনপাড়া গ্রামের রাস্তার চিত্র এটি।

গ্রামের ৫ হজারেরও বেশি মানুষের চলাচলের এই রাস্তাটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে লোকজন। ঈদের আগের দিন চলাচলের অনুপযোগি হয়ে পড়া কর্দমাক্ত রাস্তার দুই ধারে সারিবদ্ধ হয়ে মানববন্ধনে অংশ নেন গ্রামবাসি।

এসময় বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, শামিম মিয়া, আজাহার আলী, আ. মান্নান মাষ্টার, ডা. শাহাবুল ইসলাম, ছানোয়ারা বেগম, মাহাতাব হোসেন বাটুল প্রমুখ।

বক্তারা বলেন, গ্রামের ৫ হাজার অধিবাসির মধ্যে ভোটার সংখ্যা আড়াই হাজার। ব্রিটিশ আমলে তৈরী হলেও এখন পর্যন্ত পাকা করা হয়নি। নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থীরা এসে পাকা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে আর কাজ হয়না।

তারা আরও বলেন, সরকারী বিভিন্ন দপ্তরে অনেক ধর্না দিয়েও রাস্তা আর পাকা হয়না। আমরা বর্তমানে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছি। তাই অবিলম্বে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি পাকাকরণের দাবি জানাচ্ছি।

উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, রাস্তাটি পাকা করার জন্য চাহিদাপত্র পাঠানো হবে। বরাদ্দ হলেই পাকা করা হবে বলেও জানান তিনি।

পাকা রাস্তার দাবিতে মানববন্ধন ভিডিও

এম২৪নিউজ/আখতার।