
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে পুত্র জীবন কুজুরের কুড়ালের আঘাতে পিতা মোংলা কুজুর (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের চাচা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বরপাড়া গ্রামের আদিবাসিপাড়ার বাসিন্দা মোংলা কুজুর শুক্রবার বিকেলে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। এসময় তার পুত্র জীবন কুজুর ঘরে ঢুকে ঘুমন্ত পিতার মাথায় কুড়াল দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোংলা কুজুর মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে রমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার একমাত্র ছেলে পিতাকে হত্যা করলো, তা তদন্ত করা হচ্ছে।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামী পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।