কার্ডধারীদের চাল কিনে মজুত, দুই ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভিজিডির চাল কার্ডধারীদের কাছ  থেকে কিনে কালোবাজারে বিক্রির জন্য গোডাউনে মজুতের অপরাধে দুই ব্যবসায়ীকে গ্রেফতার ও ৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ইউএনও কাজী লুৎফুল হাসান, কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রামজীবন ইউপির নিজ পাড়া গ্রামের নুরুল হক সরদারের ছেলে মোস্তাফিজুর রহমানের বসতবাড়ির একটি ঘর থেকে ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়। পাশাপাশি ব্যবসায়ী মকবুল হোসেন ও আয়নাল মিয়াকে আটক করে রাতেই থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে দুই ব্যবসায়ী জানান, ভিজিডি কার্ডধারীদের কাছ থেকে চাল কেনা হয়েছে।

মকবুল নিজ পাড়া গ্রামের ইউসুফ উদ্দিন ও আয়নাল একই গ্রামের আলেফ উদ্দিনের ছেলে।

শুক্রবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার বাদী হয়ে ছয় ব্যবসায়ীসহ অজ্ঞতানামা চার থেকে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

মামলার অন্য আসামিরা হচ্ছেন নিজ পাড়া গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে খালেক ব্যাপারী, ওবাইদুল হকের ছেলে আশেক আলী, বক্তার আলীর ছেলে ফুল মিয়া, আলেফ উদ্দিনের ছেলে দেলবর।

উদ্ধার হওয়া চালের পরিমাণ ১ হাজার ৫০০ কেজি, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

রামজীবন ইউপি চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান জানান, কার্ডধারীদের কাছ থেকে ব্যবসায়ীদের চাল ক্রয়ের বিষয়টি তার জানা নেই।

থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এর পিছনে অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউএনও কাজী লুতফুল হাসান জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।