করোনার সুযোগে নকল ওষুধের ব্যবসা, ব্যবসায়ীর দণ্ড

স্টাফ রিপোর্টার (রংপুর):

করোনা ভাইরাসের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নকল ওষুধ বাজারজাত করে মুনাফা লুটে নিচ্ছে। বৃহস্পতিবার রাতে র‌্যাব- ১৩ রংপুর ও র‌্যাব- ১৪ ময়মনসিংহ অভিযান চালিয়ে ভেজাল ওষুধ প্রস্তুতকারী ও ব্যবসায়ী আতিয়ার রহমানকে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করেছে।

শুক্রবার দুপুরে র‌্যাব-১৩ মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহামেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় বিউটি হ্যাভেন সোসাইটিতে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স ও অনুমোদনবিহীন বিপুল সংখ্যক ট্যাবলেটসহ ভেজাল ওষুধ প্রস্তুতকারক ও ব্যবসায়ী আতিয়ার রহমানকে গ্রেফতার করা হয়।

পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের ভ্রাম্যমাণ আদালতে উঠানো হয়। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

এম২৪নিউজ/আখতার।