বাঁশ বাগানে মিলল চোরাই ১০ ল্যাপটপ

নিউজ ডেস্ক:

পঞ্চগড় সদরে রাতের আঁধারে মাধ্যমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া ১১টি ল্যাপটপের মধ্যে ১০টি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শিংনাথপাড়ার একটি বাঁশ বাগান থেকে বস্তাবন্দি অবস্থায় ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি রাতে হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে এসব ল্যাপটপ চুরি হয়।

পুলিশ জানায়, ঘটনার রাতে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজার তালা না ভেঙে ১১টি ল্যাপটপই নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় ২ মার্চ অজ্ঞাতদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান। পরে ৭ মার্চ সন্দেহভাজন হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মাহাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ওই দিনই আদালতে তার সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মিজানুর রহমান। এর মধ্যেই গোপন সংবাদের ভিত্তিতে ১১টি ল্যাপটপের মধ্যে ১০টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

এদিকে, বুধবার রিমান্ড আবেদন শুনানিতে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের আদালতে মাহাবুল ইসলামকে হাজির করা হয়। পরে রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাফটকে দুইদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ল্যাপটপ চুরি হওয়ার পর থেকেই আমরা উদ্ধারের জন্য অভিযান শুরু করি। অবশেষে বুধবার সকালে ১০টি ল্যাপটপ উদ্ধার করা হয়। বাকি ল্যাপটপটি উদ্ধার করাসহ চোরচক্রকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply