
নিউজ ডেস্ক:
দেশের উন্নয়নের জন্য সরকারের রাজস্ব খাতকে সমৃদ্ধ করতে হবে। নাগরিকদের কর প্রদানে সচেতন হতে হবে। আয়কর দেয়া আমাদের নাগরিক ও সাংবিধানিক দায়িত্বের একটি অংশ বলে মন্তব্য করেছেন কর অঞ্চল প্রধান(রংপুর) আবদুল লতিফ।
শনিবার দুপুরে কর অঞ্চল রংপুর আয়োজিত আয়কর দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
আবদুল লতিফ বলেন, বছরে কমপক্ষে আড়াই লাখ টাকার উর্ধ্বে আয় হলে নিয়মানুযায়ী কর দিতে হয়। কিন্তু আমরা আয়কর দেই না। এ অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। কেননা আয়কর না বাড়ালে দেশের উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটবে।
কর কমিশনার বলেন, করযোগ্য সবাই যদি আয়কর দিতেন তবে দেশ আরো উন্নত হত। নিবন্ধিত করদাতাদের সবাই নিয়মিত আয়কর দেন না। দেশে সাড়ে তিন কোটি মানুষের আয়কর দেয়ার সামর্থ্য রয়েছে। অথচ আয়কর দেন মাত্র ২২ লাখ মানুষ। আয়কর নিয়ে অবহেলা ও অসচেতনতা দূর হলে রাজস্ব খাত আরো এগিয়ে যাবে, দেশের উন্নয়ন হবে।
কর কমিশনার আবদুল লতিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত এসপি মারুফ আহম্মেদ, রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার শেখ মনিরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-কর কমিশনার সুমন কুমার বর্মণ।
এরআগে রংপুর কর অঞ্চল কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর দিবসের শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
