
নিউজ ডেস্ক:
বাংলাদেশে দল হিসেবে আওয়ামী লীগের আর রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, তারা যে নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাতে তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
যারা মেশিনগান দিয়ে নিরস্ত্র ছাত্রদের হত্যা করেছে। ১৭ বছর গণতন্ত্রকে পদদলিত করে রেখেছে। যারা অতীতেও সব দলকে নির্বাসিত করে বাকশাল কায়েম করেছিল, তারা গণতন্ত্রের শত্রু। যারা গণতন্ত্রের শত্রু তাদেরকে গণতন্ত্রের মিত্র হিসেবে বলতে পারি না, বলেন মেজর হাফিজ।
মঙ্গলবার বিকেলে গণতন্ত্র দিবস উপলক্ষে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে বিএনপির রংপুর বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হাফিজ বলেন, বাংলাদেশে একশ্রেণির তথাকথিত বুদ্ধিজীবী আছেন যাদের গণতন্ত্র ভালো লাগে না। গরিব মানুষের শাসন ভালো লাগে না। সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের রায় দেবে এটা তাদের ভালো লাগে না। তারা নিজেরা কোনো দিন ভোট দেননি। নির্বাচনে অংশগ্রহণ করা তো দূরের কথা তাদের গণতন্ত্রের যে মূল বক্তব্য তাদের মধ্যে সেটা ঘাটতি আছে।
তিনি আরো বলেন, এই সরকার নির্বাচন সম্পর্কিত সংস্কার সাধন করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেবে। যাতে এ দেশে নির্বাচিত ব্যক্তিদের দিয়ে শাসন কায়েম হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে বিএনপি তাদের মাথায় তুলে রাখবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আবারো দেশের প্রধানমন্ত্রী হবেন। আপনারা দৃঢ় অবিচলভাবে অপেক্ষা করে থাকুন। তারেক রহমান সবাইকে শৃঙ্খলাভাবে থাকার নির্দেশ দিয়েছেন। জিয়াউর রহমানে দল হিসেবে আমরা এমন কোনো কাজ করব না যাতে বিএনপির মুখে কালিমা লেপন হয়। নিজেরা সাবধান থাকবেন। দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির ওপর দোষ দেবে।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিচ্ছুজ্জামান খান বাবু, পল্লী উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য বিলকিস ইসলাম প্রমুখ।
এম২৪নিউজ/আখতার