ক্রিকেটার আকবরের বাসায় জেলা প্রশাসক ও বিসিবির পরিচালক, বাবা-মাকে ফুলের শুভেচ্ছা

নিউজ ডেস্ক:

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান ও বিসিবির পরিচালক এডভোকেট আনোয়ারুল ইসলাম অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্রিকেটার আকবর এর বাসায় গিয়ে পিতামাতার সাথে দেখা করেন ও ফুলের শুভেচ্ছা জানান।

সোমবার রাতে নগরীর পশ্চিম জুম্মাপাড়ায় অবস্থিত সদ্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দলকে জেতানোর নায়ক ক্রিকেটার আকবরের বাসায় গিয়ে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকবরের পিতা মোঃ মোস্তফা হোসেন এবং মাতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাত করে তাদের মিষ্টি মুখ করান।

পরে একটি কেক কাটা হয়। জেলা প্রশাসক আসিব আহসান জানান, ক্রিকেটার অধিনায়ক আকবর ভালো ক্রিকেট খেলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী করে বাংলাদেশকে খেলাধুলার জগতে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সেই সাথে বাংলাদেশের মধ্যে রংপুরবাসীকে গর্বিত করেছেন। বিসিবির পরিচালক এডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, আকবর রংপুরের ক্রীড়াঙ্গনকে দেশের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

আকবরের সাথে রংপুরের ক্রীড়াঙ্গন আছে আগামীতে থাকবে। আমরা আকবরের হাত ধরে আগামীর ক্রিকেট দুনিয়ায় আরো ভালো কিছু প্রত্যাশা করি। এসময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ এনামুল কবীরসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এদিকে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আকবরকে নাগরিক সংবর্ধনা প্রদানের সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আসিব আহসান।

সুত্র: রংপুর টাইমস