চীন ফেরত আরো এক শিক্ষার্থী রংপুর মেডিকেলে ভর্তি

নিউজ ডেস্ক:

চীন ফেরত আরো এক শিক্ষার্থীকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

বুধবার সন্ধ্যা ছয়টায় তাকে ভর্তি করা হয়। এ নিয়ে চীন থেকে আসা তিন শিক্ষার্থী রংপুর মেডিকেলে এল। তাবে আগে আসা দুজনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ মেলেনি।

বুধবার ১২ সদস্য বিশিষ্ট গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও মেডিসিন বিভাগীয় প্রধান দেবেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীর বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীন ফেরত অন্য আরেক শিক্ষার্থীর মুখের লালা, রক্ত ও ঘাম ঢাকায় রোগতত্ত্ব ও রোগ নির্ণয় ইনস্টিটিউটে পরীক্ষা করা হয়েছে। তার শরীরে করোনাভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার নীলফামারীর এক যুবককে এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। চীন থেকে ফিরেছেন বলে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে ভর্তি করা হয়। কিন্তু তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি বলে আইইডিসিআর জানিয়েছে। এর একদিন পর রবিবার চীন থেকে আসেন লালমনিরহাটের এক ছাত্র।

সূত্র: ইত্তেফাক অনলাইন।