তারাগঞ্জে মূমুর্ষ রোগীর অ্যাম্বুলেন্স ফিরিয়ে আনায় স্বাস্থ্য কর্মকর্তা অবরুদ্ধ

নিউজ ডেস্ক:

রংপুরের তারাগঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে মূমুর্ষ রোগীর এ্যাম্বুলেন্স অর্ধেক রাস্তা থেকে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী স্বাস্থ্য কর্মকর্তা বিরুদ্ধে বিক্ষোভ করে তাকে অবরুদ্ধ করে রাখে। এসময় স্বাস্থ্য কর্মকর্তার পক্ষে কয়েকজন যুবক নিরীহ এলাকাবাসীকে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়। এসময় উত্তেজিত জনতা স্বাস্থ্য কর্মকর্তার অফিসে ইট পাটকেল নিক্ষেপ করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর আদর্শপাড়া গ্রামের নুরুল হোসেনের ছেলে লিমন হোসেন (১৭) বৃহস্পতিবার দুপুরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে অবস্থিত ব্লিনিং লেদার কোম্পানী লিমিটেড এর মাঠে ক্রিকেট খেলতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। বিবাদের এক পর্যায়ে ঘনিরামপুর মুন্সিপাড়া গ্রামের আবু কাশেমের ছেলে মমিনুল ইসলাম(১৮), লিমনের মাথায় ক্রিকেটের ব্যাট দিয়ে আঘাত করে। আহত অবস্থায় লিমনের বন্ধুরা লিমনকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নোভা।

লিমনকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ অভিমুখে যাত্রা করলে কয়েক মিনিট পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা জামান চৌধুরী এ্যাম্বুলেন্স ড্রাইভারকে ফোন করে জানতে পারেন এ্যাম্বুলেন্সটি পাগলাপীরের কাছাকাছি চলে গেছে। তিনি এ্যাম্বুলেন্স ড্রাইভারকে সেখান থেকেই ফিরে এসে করোনা রোগের নমুনা পরীক্ষার জন্য রংপুরে নিয়ে যেতে বলেন। এ্যাম্বুলেন্স ড্রাইভার তাৎক্ষনিকভাবে সেখানেই রোগীসহ গাড়ী ঘুরিয়ে আবার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেরত এসে করোনার নমুনা পরীক্ষার জন্য নিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে যায় ওই রোগীর পরিবার ও আশপাশের লোকজন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন, আমি জানতাম দুপুর ১টায় এ্যাম্বুলেন্সটি ওই রোগীকে নিয়ে রংপুরের দিকে রওয়ানা হয়। আমি এ্যাম্বুলেন্সটি বেড়িয়ে যাওয়ার ৫ থেকে ৬ মিনিট পর ড্রাইভারকে এসে আমার কাছে জমা থাকা করোনার নমুনা রংপুরে নিয়ে যেতে বলি। ৫ থেকে ৬ মিনিট তো তেমন কোন বিষয় না। এইটুকুর জন্য তারা এভাবে ক্ষিপ্ত হবে তা আমার জানা ছিল না।

সূত্র: তারার আলো।