
অনলাইন ডেস্ক:
রংপুরে জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত তিন সাবেক নেতাকে ‘দালাল’ আখ্যা দিয়ে কুশপুত্তলিকা দাহ করেছে দলটির নেতাকর্মীরা। বুধবার (১৩ আগস্ট) বিকেলে নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা দলের চেয়ারম্যান জিএম কাদেরসহ অন্যান্য নেতাকর্মীদের নামে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।
সমাবেশে জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘একটি দালাল চক্র জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। এই চক্রে রয়েছেন রুহুল আমিন হাওলাদার, শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট আনিসুল ইসলাম মাহমুদ এবং মুজিবুল হক চুন্নু। তারা নির্বাচনী পোস্টারে শেখ হাসিনার ছবি ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন। এখন তারা জাপাকে ভাঙার চেষ্টা করছেন। রংপুর বিভাগে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা যেখানেই তাদের দেখবো, বাজপাখির মতো উড়ে গিয়ে রাজপথে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহম্মেদ, জেলা সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে বহিষ্কৃত নেতাদের ‘দালাল’ আখ্যা দিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়। তথ্যসূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার