রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের বাড়ি রংপুরের পীরগঞ্জে

নিউজ ডেস্ক:

রাজশাহীর কাটাখালীতে বাসের সঙ্গে মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৭ জনের পরিচয় জানা গেছে। তারা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

নিহতদের মধ্যে ১ নম্বর চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের একই পরিবারের পাঁচজন এবং ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের বড় মহাজিদপুর গ্রামের একই পরিবারের পাঁচজনসহ ছয়জন, ৮ নম্বর রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামের একই পরিবারের তিনজন ও পৌর এলাকার প্রজাপাড়ার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন-উপজেলার চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের সালাহউদ্দিন (৩৮), তার স্ত্রী সামসুন্নাহার (৩২), শ্যালিকা কামরুন্নাহার (২৫), ছেলে সাজিদ (১০) ও মেয়ে সাবাহ খাতুন (৩), রামনাথপুর ইউনিয়নের বড় মহাজিদপুর গ্রামের ফুল মিয়া (৪০), তার স্ত্রী নাজমা বেগম (৩৫), ছেলে ফয়সাল (১৫), মেয়ে সুমাইয়া (৭) ও সাবিহা (৩), একই ইউনিয়নের দুরামিঠিপুর গ্রামের সাইদুর রহমান (৪৫), পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়ার মোটরসাইকেল মেকার তাজুল ইসলাম ভুট্টো (৪০), স্ত্রী মুক্তা বেগম (৩৫), ছেলে অষ্টম শ্রেণির ছাত্র ইয়ামিন (১৪), রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামের মোকলেছার রহমান (৪০), স্ত্রী পারভীন বেগম (৩৫) ও ছেলে পাভেল মিয়া (১৮)।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহীর কাটাখালী থানার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল জলিল জানান, এ ঘটনায় এখন তদন্ত কমিটি গঠন হয়নি। তবে প্রক্রিয়া চলছে। রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply