প্রধানমন্ত্রীকে কটূক্তিকরে ফেসবুকে পোস্ট, বদরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রংপুর অফিস:

প্রধানমন্ত্রীসহ তাঁর পরিবারের সদস্য ও আ.লীগের শীর্ষ নেতাদের অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ওয়ালিউ রহমান দোলন নামে ঢাকা জজকোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। একই পোস্টে খালেদা জিয়া, তারেক জিয়া ও জিএম কাদেরের কথাও উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। রবিবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে বদরগঞ্জ থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন বদরগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন মধু। আইনজীবী ওয়ালিউ রহমান দোলনের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওয়ালিউ রহমান দোলন ফেসবুকে টিসিবির পণ্য নিতে মানুষের দীর্ঘ লাইন নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। সেখানে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, খালেদা জিয়া, তারেক জিয়া ও জিএম কাদেরকে টিসিবির পণ্য নিতে ট্রাকের পিছনে দৌঁড়াতে বলেন। এছাড়াও আ.লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীদের নিয়ে চরম কটূক্তিমুলক স্ট্যাটাস দেন। বিষয়টি নিয়ে সংক্ষুব্ধ হয়ে বদরগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন মধু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। তবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ফেসবুক ওয়াল থেকে পোস্টটি সরিয়ে দেন দোলন।

মামলার বাদী ফারুক হোসেন মধু বলেন, ওয়ালিউ রহমান দোলন ফেসবুকে অবমাননাকর পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সদস্যদের অপমান করেছেন। তাই তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করেছি।

রংপুরের বদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আহাসানুল হক চৌধুরী টুটুল বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা ও প্রধানমন্ত্রীর ছেলে মেয়েকে নিয়ে আপত্তিকর ও মানহানীকর পোস্ট দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। একই ঘটনাটি তদন্ত করে পোষ্টদাতাকে গ্রেপ্তারের দাবী করছি।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply