
গঙ্গাচড়া (রংপুর) থেকে কমল কান্ত রায়:
স্বাস্থ্যকেন্দ্রের সামনে ও পেছনে আবর্জনার স্তূপ। এ অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। এ চিত্রটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রের। প্রতিদিন শতাধিক রোগী এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে চিকিত্সা নিতে আসে।
বেতগাড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণকেন্দ্রের দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা নুর বানু বলেন, সামনে-পিছনে আবর্জনার গন্ধে থাকা যায় না। দরজা-জালানা বন্ধ করে কাজ করতে হচ্ছে। নিজেই অসুস্থ হয়ে যাই। তিনি আরো বলেন, এই কেন্দ্রে প্রতিদিন শতাধিক রোগী চিকিত্সা নিতে আসে। এখানে রয়েছে পানির সমস্যা, জনবল সংকট, টয়লেট সমস্যাসহ অনেক সমস্যা। নেই বাউন্ডারি। রয়েছে অবৈধ দোকানপাট। এসব সমস্যা স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কোনো কাজ হয়নি।
বেতগাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রামানিক বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আগে কেন্দ্রের বাউন্ডারি দিতে হবে। তাহলে সমস্যার সমাধান হবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, সেখানে পরিবেশগত সমস্যা আছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে উপজেলা পরিষদ মিটিংয়ে উপস্থাপন করা হয়েছিল। তাছাড়া উপপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছিল।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুরের উপপরিচালক ডা. সাইয়েদুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত আছি। তবে এখন কি অবস্থা তা জানি না।