রংপুরে ত্রাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিউজ ডেস্ক:

রংপুর মহানগরীতে পর্যাপ্ত খাদ্য ও সরকারি ত্রাণের দাবিতে শত শত কর্মহীন অতিদরিদ্র ও নিম্নআয়ের মানুষ বিক্ষোভে নেমেছে। নগরীর লালবাগ মোড়ে রেলগেট নামিয়ে ও রংপুর-কুড়িগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে তারা সরকারের নিকট দাবি জানাচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে তালিকা তৈরি করে ত্রাণ বিতরণের।

এছাড়াও নগরীর লালবাগ মোড়ে, ঢাকাইয়া পাড়া, তাজহাট মোড়, আনছারী মোড় ও মোল্লা পাড়া গ্রামের সরকারি সহায়তা বঞ্চিত কয়েক শত কর্মহীন অতিদরিদ্র ও নিম্নআয়ের মানুষ জড়ো হয়ে আজ মঙ্গলবার দুপুরে লালবাগ মোড়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, এখন পর্যন্ত তারা সরকারি কোনো ত্রাণ পাননি। নগরীর ২১,২২,২৭ ও ২৮ নং ওয়ার্ডে যতটুকু ত্রাণ দেওয়া হয়েছে তাতে অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে সরকারি ত্রাণ সহায়তা না পেলে তারা ক্ষুধার জ্বালায় লকডাউন অমান্য করে রাস্তায় নামারও হুঁশিয়ারি দেন।

তারা আরো জানান, পরিবার নিয়ে তারা না খেয়ে জীবন যাপন করছে। এ অবস্থায় খাদ্য সামগ্রী সরবরাহের দাবি তাদের। খবর পেয়ে সেখানে কোতোয়ালি, তাজহাটসহ নগরীর বিভিন্ন থানার পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে ঘরে পাঠানোর চেষ্টা করছেন। পুলিশ বলছে, বিষয়টি মেয়র এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে তারা আসলেই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিরতিহীনভাবে ২৮নং ওয়ার্ডের সর্বস্তরের কর্মহীন জনতা মহাসড়ক অবরোধ করে ত্রাণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিক্ষোভ কর্মসূচিতে তাজহাট আনসারী মোড় এলাকার বস্তির সকল কর্মহীন লোক অংশগ্রহণ করেন। চলমান বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারিতে অঘোষিত লকডাউনে ঘরে আটকেপড়া কর্মহীন মানুষের জন্য সরকারের দেওয়া বরাদ্দকৃত ত্রাণ সুষম বণ্টন ও প্রকৃত কর্মহীনদের কাছে পৌঁছানোর জন্য দাবি জানানো হয়।

সড়ক অবরোধ ও বিক্ষোভে অংশগ্রহণকারী সোহাগী বেগম ও বিপুল সরকার বলেন, করোনা ভাইরাস মহামারিতে অঘোষিত লকডাউনে তাজহাট আনসারী মোড় এলাকার শত শত কর্মহীন পরিবার না খেয়ে দিনাতিপাত করছে। সেদিকে সিটি কর্পোরেশন ও সরকারের কোনো কর্মকর্তার দৃষ্টি নেই। তাই দ্রুত এসব এলাকার কর্মহীন মানুষের তালিকা করে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জোর দাবি জানান। সেই সাথে ত্রাণ প্রদানে স্বজন প্রীতি রোধেরও দাবি জানান ত্রাণ থেকে বঞ্চিত এসব কর্মহীন লোকেরা। যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের এই দাবি মেনে নিয়ে আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উক্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।

দুপুর ২ টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা তাজহাট গলাকাটা মোড়, তাজহাট মোড় ও আনসারী মোড়সহ তাজহাট এলাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলো অবরোধ করে ত্রাণের দাবিতে বিক্ষোভ করছেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, মানুষ খাবারের দাবিতে অবরোধ গড়ে তুলেছে। আমরা এখানে এসেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তারা আসার পর এ বিষয়ে একটি ফলাফল পাওয়া যাবে। এর আগে একই দাবিতে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের রংপুর পার্বতীপুর সড়কে নয়ারহাট ও হারাগাছে সড়কে অবরোধ করেছে এলাকাবাসী।

সূত্র: ইত্তেফাক অনলাইন।