
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর নগরীতে গৃহবধূকে ধর্ষণ, ধর্ষণের ভিডিও ধারণ করে তা ওই নারীর স্বামী ও ভাইয়ের কাছে পাঠিয়ে দেওয়া এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে নাজমুল হোসাইন নাঈম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটান পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান শনিবার (১৮ জুলাই) ওই যুবককে গ্রেফতার হয়েছে জানিয়ে বলেন, নাজমুল হোসাইন নাঈম নামে এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় মিঠাপুকুর উপজেলার একটি গ্রামের ওই গৃহবধূর। গত ১৬ ফেব্রুয়ারি ওই গৃহবধুকে রংপুর নগরীর মর্ডান মোড় এলাকায় মোবাইল ফোনে ডেকে আনে যুবক ফাহিম। পরে তাকে নগরীর তাজহাট থানার রংপুর মডেল কলেজের সামনের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ ও কৌশলে মোবাইলে ছবি ও ভিডিও করে রাখে। এরপর ওই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সময় গৃহবধূকে ব্ল্যাকমেইল করে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর স্বামী ও ভাইয়ের মোবাইলে ধারণ করা ওই ভিডিও চিত্র পাঠায় নাঈম। সেই সঙ্গে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
পরে এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় নারী নির্যাতন ও পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করে। তাজহাট থানা পুলিশ ও পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় নাঈমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ কাওসার বলেন, ফাহিমের মোবাইল ফোন, ওই ভিডিও এবং স্থিরচিত্রগুলো উদ্ধার করে তা জব্দ করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার।