
নিউজ ডেস্ক:
রংপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে হরিদাস চন্দ্র (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ জুন) দুপুরে নগরীর সাতগাড়া খলিফাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হরিদাস চন্দ্র নগরীর ১২ নম্বর ওয়ার্ডের পকিফান্দা বালাবাজার এলাকার ভবেশ চন্দ্র দাসের ছেলে।
ওই ভবনের নির্মাণ শ্রমিকরা জানায়, মোহনা অ্যাপার্টমেন্টের ৮ তলা ভবনের ওপর কাজ করার সময় হরিদাস চন্দ্র অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নির্মাণ শ্রমিকদের অভিযোগ, নির্মাণ কাজ চালু করার পর থেকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শ্রমিকদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা করা হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে আসছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এম২৪নিউজ/আখতার