রংপুরে প্রেমিকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে প্রেমিকার আত্মহত্যা

নিউজ ডেস্ক:

রংপুরে নগরীতে প্রেমিকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে উম্মে কুলসুম তানিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার দুপুরে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের খটখটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তানিয়া একই এলাকার বাদিয়াটারি মহল্লার আব্দুল গণি মিয়ার মেয়ে। সে খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তানিয়ার সঙ্গে ওই এলাকার গোলজারের ছেলে রাজমিস্ত্রী তানভীরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাদের পরিবারের লোকজন এ সম্পর্ক মেনে নিতে পারেননি। এ নিয়ে বুধবার দুপুরে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তানভীর। এ ঘটনার ২৪ ঘণ্টার মাথায় তার প্রেমিকা তানিয়া বৃহস্পতিবার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

পরশুরাম থানার এসআই অনিক জানান, তানিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এম২৪নিউজ/আখতার