
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছা, মিঠাপুকুর, তারাগঞ্জ উপজেলার নিভৃত পল্লিতে শুরু হয়েছে চলতি আমন মৌসুমে বেগুনি রঙের ধান চাষ। বেগুনি রঙের নতুন এই ধানক্ষেত দেখতে ভিড় করছেন কৃষক ও সাধারণ মানুষ। জেলার পীরগাছার জগজীবন গ্রাম উপজেলাসহ এবারই প্রথম এই ধান রোপণ করা হয়েছে।
পীরগাছা উপজেলা কৃষি অফিস জানায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন (গোবরাপাড়া) গ্রামে কৃষক ও স্থানীয় সার ব্যবসায়ী মোজাফফর আহমেদ মিন্টু তার এক বন্ধুর কাছ থেকে পরীক্ষামূলক চাষ করতে এক কেজি ধান নিয়ে তা রোপণ করেন। শুরুতেই সবুজের মধ্যে ধূসর রঙের ক্ষেত দেখে অনেকেই মনে করতেন ক্ষেতটি অযত্নে মরে গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধানগাছের পাতা গাঢ় বেগুনি রঙ ধারণ করে। প্রতিদিন এই ক্ষেত দেখতে উৎসুক মানুষ ভিড় করছে। অনেক কৃষক আগামী মৌসুমে এই ধানের চাষ করতে বীজের জন্য কৃষক মিন্টুর সঙ্গে যোগাযোগ করছেন।
শনিবার সরেজমিনে দেখা যায়, রোদের প্রখরতায় ধানের চারাগুলো বেগুনি রঙ ধারণ করেছে। প্রায় প্রতিটি চারা থেকেই ১০ থেকে ১১ ইঞ্চি লম্বা শীষ বেরিয়েছে। ফলে ভালো ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। কৃষক ও সার ব্যবসায়ী মোজাফফর আহমেদ মিন্টু জানান, পরীক্ষামূলক মাত্র দুই শতক জমিতে প্রথমবারের মতো এ ধান চাষ করেছেন তিনি। নতুন এই ধান দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে। অনেক কৃষক এই ধানের চাষ করতে বীজও চেয়েছেন। এ ধান একর প্রতি প্রায় ৫০-৫৫ মণ উৎপাদন হবে।
পীরগাছা উপজেলা জগজীবন ব্লোকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা আহসানুল হক জানান, মিন্টু একজন কীটনাশক ব্যবসায়ী। তিনি এই প্রথম আমাদের এলাকায় বেগুনি জাতের ধান রোপণ করেছেন। ওই বেগুনি ধানের খেত দেখতে উৎসুক মানুষ ভিড় করছে এবং ধান ক্ষেতে নেমে ছবিও তোলার চেষ্টা করছে।
পীরগাছা উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুজ্জামান ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ জানান, জগজীবন ব্লোকে কৃষক মিন্টুর রোপণকৃত বেগুনি জাতের ধান আমরা সবসময় মনিটরিং করছি। যদি এর ফল ভালো হয়, তা হলে আমরা অন্য কৃষকদের চাষাবাদ করতে উৎসাহিত করব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম জানান, বেগুনি জাতের ধান চাষ রংপুর তথা পীরগাছায় এই প্রথম এবং ধানের জাত ‘পারপল লিফ রাইস’। এ জাতের ধান নিয়ে গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
রংপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান, এটা কোন অনুমোদিত ধানের জাত নয়। স্থানীয় কৃষকরা এটার বীজ সংগ্রহ করে বিচ্ছিন্নভাবে চাষাবাদ করছে। ধানগাছে শীষের দীর্ঘতা অনেক বেশি, অনেক পুষ্টিগুণ সম্পন্ন।
এম২৪নিউজ/আখতার