রংপুরে রেলসেতুর নিচ থেকে পোড়া মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

রংপুর সদর উপজেলার একটি রেলসেতুর নিচ থেকে দেনেশ চন্দ্র মান্না (৩০) নামের এক যুবকের পোড়া মরদেহ পাওয়া গেছে। শনিবার (১৩মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সিংগিমারী রেলসেতুর কাছে তার মরদেহ পাওয়া যায়। বেলা দেড়টার দিকে তাড়াহুড়া করে তার সৎকার করা হয়।

নিহত মান্নার বাড়ি উপজেলার সদ্যপুষ্কুরিনী ইউনিয়নের কিশামত মাধবপুর গ্রামে। তার পরিবারের দাবি, কিছুটা মানসিক সমস্যা থাকলেও সে আত্মহত্যা করার কথা নয়। কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে তাকে হত্যা করা হয়েছে।

মান্নার স্ত্রী ফুলমতি জানান, তাদের সঙ্গে কারও কোনো ঝামেলা নেই। সকালে খাওয়ার পর কাজে যান মান্না। পরে শোনেন গায়ে আগুন ধরিয়ে দিয়ে মারা গেছেন।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম সুমন জানান, মান্না ব্রিজের পাশে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন বলে শুনেছেন। পাশের জমিতে যারা কাজ করছিলেন তারা তাকে জানিয়েছেন, তার ভাবছেন আবর্জনা জড়ো করে কেউ আগুন ধরায় দিছে। এজন্য কাছে যাননি।

পরে শোনেন মান্নার মৃতদেহ পড়ে আছে।সুমনের দাবি, মান্নার মানসিক সমস্যা ছিল। নিজেই শরীরে আগুন দিয়েছেন। গ্রামবাসী চাইছেন এজন্য পুলিশকে খবর না দিয়ে সৎকার করছেন।

পুলিশকে না জানানোর বিষয়ে তিনি বলেন, ‘ওই লোকের কিচ্ছু নাই, ওর ফির শত্রু থাকে…। পুলিশকে খবর দেয়া হয় নাই। জনগণ চাইচে ওই জন্য সৎকার করছি।’

রংপুর জেলা পুলিশের কোতয়ালী থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, এটা রেল ব্রীজের উপরের ঘটনা। বিষয়টি রেল পুলিশ দেখবে। তবে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জামান বলেন, বিষয়টি তারা জানেন না।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply