
অনলাইন ডেস্ক:
রংপুরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন লিমন রহমানের ওপর পুলিশী হামলার ঘটনার বিচার না পেয়ে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে সাংবাদিকেরা। প্রথম দিনে অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- টিসিএ রংপুরের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মাহিগঞ্জ প্রেসক্লাব, তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
সংবাদকর্মীর ওপর পুলিশী হামলার ঘটনার ১১ দিন অতিবাহিত হলেও দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কোনো ব্যবস্থা গ্রহণ না করায় রংপুরের সকল সাংবাদিক সংগঠনের নেতাদের সম্মতিতে এই প্রতিবাদ কর্মসূচি শুরু করা হয়। অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মানবিক পুলিশিংয়ের বুলি ছড়ানো মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা নিজ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে রহস্যজনক ভূমিকায় রয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা সংবাদকর্মীরা এখন নিজের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছে।
টিসিএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনের সঞ্চালনায় দুই ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, আফতাব হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহম্মেদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আদর রহমান, টিসিএ’র সভাপতি শাহ্ নেওয়াজ জনি, কৃষক সংগ্রাম পরিষদের নেতা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ প্রমুখ ।
বক্তারা আরও বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ করে দিচ্ছি। এরপরেও যদি মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন কর্মসূচি দিলে, জনদূর্ভোগ তৈরী হলে এর দায়ভার পুলিশকেই নিতে হবে।
অবস্থান কর্মসূচি পালন শেষে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পেশাগত দায়িত্ব পালনের সময় বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘবদ্ধ পুলিশ হামলার শিকার হন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন লিমন রহমান।
ওই ঘটনার পর থেকে কয়েক দফায় পুলিশ প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে রংপুরের সাংবাদিক সমাজ।
এম২৪নিউজ/আখতার