
রংপুর অফিস:
রংপুরে বাংলাদেশে কর্মরত চীনা ২২৬ জন নাগরিক সিনোফার্মের টিকা নিয়েছে । তারা নীলফামারীর রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনিতে কর্মরত। নিজ দেশের তৈরি করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এ টিকা দেয়া হয়। এর আগে ওই ২২৬ জন চীনা নাগরিকের জন্য সেখানে দুটি বুথ স্থাপন করা হয়। তারা নীলফামারী ও দিনাজপুর থেকে টিকা নিতে রংপুরে আসেন।
রংপুর সিভিল সার্জন ডাঃ হিড়ম্ব কুমার রায় বলেন, দিনাজপুর ও নীলফামারীতে কর্মরত ২২৬ চীনা নাগরিক রংপুরের ঠিকানায় টিকার জন্য নিবন্ধন করেছিলেন। তাদের নিজ দেশ চীনের টিকা নিতে আগ্রহ প্রকাশ করায় সিনোফার্মের টিকা তাদেও শরিরে প্রয়োগ করা হয়।তিনি আরও জানান, টিকা গ্রহণ করে প্রত্যেককে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। কারও কোনো শারীরিক সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। তাদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা ছিল।
টিকা নেওয়ার পর বেশ উল্লাসিত ছিলেন বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকরা। তাদের একজন চেং উন। তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে টিকা নিতে এসেছি। ভালো লাগছে। কোনো অসুবিধা হয়নি। আমরা ঠিক আছি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহ কারী কমিশনার ডিবি (মিডিয়া) মোঃ ফারুক আহম্মেদ বলেন, রংপুরে টিকা নিতে আসা চীনের নাগরিকদের নিরাপত্তা দিতে সিভিল সার্জনের কার্যালয়ে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারা ফিরে না যাওয়া পর্যন্ত সেখানে নিরাপত্তা থাকবে।
এম২৪নিউজ/আখতার