রমেক হাসপাতালের ডরমেটরি থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডরমেটরি ভবনের একটি কক্ষ থেকে দরজা ভেঙে আখতারুজ্জামান নামে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে হাসপাতালের শেখ রাসেল পোস্ট গ্রাজুয়েশন ডরমেটরি ভবনের ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। চিকিৎসক আখতারুজ্জামানের বাড়ি নীলফামারী সদর উপজেলায়।

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিজি হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের মেডিকেল অফিসার, রংপুর মেডিকেলে পোস্ট গ্র্যাজুয়েটের একজন শিক্ষার্থী। তিনদিন আগে পরীক্ষায় অংশ নেয়ার জন্য রংপুর মেডিকেল কলেজের ডরমেটরিতে উঠেছিলেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার সকালে লাশ থেকে রক্ত গড়িয়ে দরজার বাইরে বের হতে দেখে হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মিলনুর রহমান মিলন পুলিশকে জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙে ওই চিকিৎসকের লাশ উদ্ধার করে। পুলিশ ও  চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন- স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান। রংপুর মেডিকেল কলেজের বেশ কয়েকজন চিকিৎসক জানান, আখতারুজ্জামান দীর্ঘদিন ফ্যাটি লিভারে ভুগছিলেন। তিনি অস্বাভাবিক খাবার খেতেন। তার দুইজন স্ত্রী রয়েছেন। বড় স্ত্রী জেসমিন আক্তার ও ছোট স্ত্রী কোহিনুর আক্তার। 

আখতারুজ্জামানের দ্বিতীয় স্ত্রী কোহিনুর আক্তার সাংবাদিকদের বলেন, তিনদিন আগে মোবাইল ফোনে তার সঙ্গে আমার কথা হয়। তখন তিনি গ্রামের বাড়ি নীলফামারীতে ছিলেন। তিনি প্রায়ই অসুস্থ থাকতেন। তার রংপুরে আসার বিষয়ে আমি জানতাম না। মঙ্গলবার দুপুরে মৃত্যুর সংবাদ জানতে পেরে ঘটনাস্থলে আসি। এখন পর্যন্ত বলতে পারছি না কীভাবে তার মৃত্যু হয়েছে।

কোহিনুর বলেন, আমি জানতাম আখতারুজ্জামান ঢাকার বাসিন্দা। পরে জেনেছি নীলফামারীতে তার বাড়ি। ঢাকা এবং নীলফামারীর ঠিকানায় তার দুটি এনআইডি কার্ড রয়েছে। আমার স্বামী ঢাকায় পিজি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। রংপুরে পোস্ট গ্র্যাজুয়েট করতে আটবার পরীক্ষা দিয়ে পাস করতে পারেননি। শারীরিক অসুস্থতার কারণে মানসিকভাবে চিন্তিত ছিলেন। তিনি লিভার ও পায়ের ব্যথাসহ কয়েকটি রোগেও ভুগছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজুর রহমান জানান, ডা. আখতারুজ্জামান পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী ছিলেন। সকালে ডরমেটরি থেকে জানানো হয়, আখতারুজ্জামানের রুম থেকে গন্ধ আর রক্ত গড়িয়ে আসছে। পরে বিষয়টি আমরা পুলিশ ও জেলা প্রশাসককে জানাই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দরজার তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply