৩০ হাজারেই ভুয়া সনদ দেন মাদরাসা সুপার

অনলাইন ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা কাজী ইউনুছ আলীর বিরুদ্ধে টাকার বিনিময়ে জাল সনদ তৈরি ও প্রতারণার অভিযোগ উঠেছে। এছাড়া দীর্ঘদিন ধরে নিয়োগ বাণিজ্যও চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি মাওলানা কাজী ইউনুছ আলীর বিরুদ্ধে অভিযোগ করেছেন শাহাদাত হোসেন নামে এক ভুক্তভোগী।

শাহাদাত হোসেন ওই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাংগি এলাকার আকবর আলীর ছেলে। অভিযোগে তিনি জানান, ৩০ হাজার টাকার বিনিময়ে তাকে দাখিল ও আলিম পাসের ভুয়া সনদ সংগ্রহ করে দেন কাজী ইউনুছ। এরপর  বুড়িমারী দাখিল মাদরাসায় সহকারী মৌলভী হিসেবে নিয়োগ দেয়ার কথা বলে দুই লাখ টাকাও নেন। পরবর্তীতে প্রতারণার মাধ্যমে সেই টাকা আত্মসাৎ করেন কাজী ইউনুছ।

শাহাদাত আরো জানান, ২০১৯ সাথে মাদরাসাটি এমপিওভুক্ত হয়। ওই সময় শিক্ষক তালিকা থেকে তার নাম বাদ পড়ে। এরপর চাকুরি বাবদ দেয়া দুই লাখ টাকা ফেরত চাইলে কাজী ইউনুছ গড়িমসি শুরু করেন। সেই টাকা আজও ফেরত দেননি তিনি। এভাবে ভুয়া সনদ ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বুড়িমারী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা কাজী ইউনুছ আলী।

শাহাদাত হোসেনের অভিযোগ, মাওলানা কাজী ইউনুছ বিভিন্ন জনকে টাকার বিনিময় ভুয়া সনদপত্র ও নিবন্ধন পত্র দিয়ে থাকেন। কাজী ইউনুছের শিক্ষক নিবন্ধনের পত্রটিও ভুয়া বলে দাবি করেন শাহাদাত হোসেন।

শ্রীরামপুরের মোকছেদুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, তিনি বুড়িমারী দাখিল মাদরাসায় ১১ বছর শিক্ষকতা করেছেন। ওই সময় তার অগোচরেই মোটা অংকের টাকার বিনিময়ে একই পদে অন্য একজনকে নিয়োগ দেন কাজী ইউনুছ। শিক্ষকতার আড়ালে ভুয়া সনদ তৈরি ও নিয়োগ বাণিজ্য তার প্রধান কাজ।

এর আগে, বুড়িমারী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা কাজী ইউনুছ আলীর নারী কেলেঙ্কারীর একটি অডিও ক্লিপ ফাঁস হয়। এরপর সেটি ভাইরাল হয়ে গেলে এলাকায় সমালোচনার মুখে পড়েন তিনি।

এসব বিষয়ে জানতে মাওলানা কাজী ইউনুছের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম প্রধান জানান, কাজী ইউনুছের বিরুদ্ধে লোকমুখে নানা অভিযোগ তিনি শুনেছেন। তবে লিখিত অভিযোগ না থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। কেউ অভিযোগ করলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply