
নিউজ ডেস্ক:
রংপুরে দু’টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে হারাগাছ ও সৈয়দপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা।
বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা এসময় বলেন, শপথের পর আপনাদের উপর দায়িত্ব বেড়ে গেল। আপনারা এখন নিজ নিজ নির্বাচনী এলাকার সকলের প্রতিনিধি। শপথ একটি পবিত্র আমানত। এটি ভঙ্গ করা যাবে না। আপনাদের কাঁধে জনগণের আশা-প্রত্যাশা, পৌরসভার উন্নয়ন। আপনারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্যদিয়ে আপনাদের নির্বাচনী এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়নে ভুমিকা রাখবেন, সেই কামনা করছি।
নিজ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হারাগাছ পৌরসভার মেয়র এরশাদুল হক বলেন, এখন থেকে পরিচয় পাল্টে গেল। এখন আমি হারাগাছ পৌরসভার সেবক। সেবার জন্য যে দায়িত্ব পেয়েছি, তা বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে সঠিকভাবে পালন করবো, ইনশাআল্লাহ।
এদিকে, রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবীসহ কাউন্সিলরবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয়। এসময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোঃ মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার এর পরিচালক ইব্রাহীম খান।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি-২০২১ নির্বাচনে ২৮ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের রাফিকা আক্তার জাহান বেবী। অপরদিকে, ১৭ হাজারের বেশি ভোট পেয়ে হারাগাছ পৌরসভার স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হক মেয়র নির্বাচিত হন।
এম২৪নিউজ/আখতার