আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কারের কাজ চলছে :কাদের

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কার করার প্রক্রিয়া চলছে। রবিবার রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে আট শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের বাস হস্তান্তরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাস পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- খুলনা সরকারি মহিলা কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বান্দরবান সরকারি মহিলা কলেজ, বান্দরবান সরকারি কলেজ, টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ ও মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মন্ত্রী আরো বলেন, ঢাকায় আমরা পাঁচটি সহযোগী সংগঠনের সম্মেলন করেছি। সেগুলোতে ক্লিন ইমেজের নেতৃত্ব দিয়েছি। জেলা-উপজেলা পর্যায়ে ৭০টির মতো সম্মেলন হয়েছে। সেখানেও আমরা ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিচ্ছি। তারপরও অভিযোগ এলে আমরা আবারও যাচাই-বাছাই করব। দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ জুড়ে অনুপ্রবেশকারীর মধ্যে যারা বিতর্কিত ও সাম্প্রদায়িক ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে—তাদের তালিকা পার্টির সভানেত্রী শেখ হাসিনা সব বিভাগে দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দিয়েছেন।

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা এমন একটা দল, যারা সব ক্ষেত্রেই ব্যর্থ। তারা এ পর্যন্ত একটা আন্দোলনও করতে পারেনি। নিজের দলের চেয়ারপারসন এতদিন জেলে, তার জন্য চোখে পড়ার মতো কোনো একটি মিছিলও তারা করতে পারেনি। তাদের দলের অভ্যন্তরে গণতন্ত্র অনুপস্থিত। তারা ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। বিএনপির সভার অনুমতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। বিএনপির পার্টি অফিসের সামনে তাদের সভা করার অনুমতি দেয়া হয়েছে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুবলীগের নতুন চেয়ারম্যান ফজলে শামস পরশ হলেন শহিদ শেখ ফজলুল হক মনির রক্তের উত্তরাধিকার। তিনি বঙ্গবন্ধুর আদর্শেরও উত্তরাধিকার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী।

সূত্র: ইত্তেফাক।