রংপুরে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, আটক ৪

নিউজ ডেস্ক:

রংপুরে এক কলেজছাত্রীকে অপহরণের সময় মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর কামালকাছনা বৈরাগী পাড়ায় এ ঘটনা ঘটে।

অপহরণকারীরা হলেন- নগরীর গণেশপুরের নাজমুল, আরিফুল, জনি, লাভলু। সোমবার দুপুরে ভুক্তভোগীর করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, নাজমুল আমাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলো। কয়েকবার প্রেমের প্রস্তাবও দিয়েছে। আমি সাড়া না দেয়ায় রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রিকশা থামিয়ে আমাকে মাইক্রোবাসে তুলে নেয় সে ও তার তিন সহযোগী।

কোতোয়ালি থানার ওসি রেজাউল ইসলাম জানান, ক্লাস শেষে বাড়ি ফেরার সময় রংপুর সরকারি নার্সিং কলেজের এক ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে ওই চারজন। ওই সময় তার চিৎকারে কয়েকজন যুবক তাদের আটক করে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।