বেরোবি’র উপাচার্য পরিচয় না দিতে কলিমউল্লাহকে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য হিসেবে পরিচয় না দিতে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ড. কলিমউল্লাহকে বেরোবির ‘সাবেক উপাচার্য’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

গতকাল শনিবার (৫ জুন) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী জাহাঙ্গীর আলমের পক্ষে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর খন্দকার রফিক হাসনাইন এ নোটিশ দেন। আগামী ৩ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে সাবেক উপাচার্য হিসেবে চার বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উপাচার্য পদের কোনো কার্যক্রম না চালানো, ফাইলে সই না করা, বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ না করা, সিন্ডিকেট ও বিভিন্ন সভা থেকে বিরত থাকাসহ বিশ্ববিদ্যালয়ের আর কোন কার্যক্রম না চালাতে সতর্ক করা হয়েছে ড. কলিমউল্লাহকে।

নোটিশে বলা হয়, ২০১৭ সালের ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছরের গত ৩১ মে ড. কলিমউল্লাহর ৪ বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। এরপরও তিনি অনেক ফাইলে স্বাক্ষর করেছেন। এমনকি কিছু ফাইল পূর্বের তারিখ দেখিয়েও স্বাক্ষর করেছেন। এই কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় চুক্তিভিত্তিক নিয়োগের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল। চার বছর উপাচার্য পদে থাকার পরও জোরপূর্বক পদে থেকে বিভিন্ন ফাইল স্বাক্ষর ও বিশ্ববিদ্যালয়ের সুবিধা গ্রহণ করেছেন, যা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে আরও বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জন্য বরাদ্দকৃত গাড়িসহ উপাচার্যের একান্ত সচিব (তৎকালীন একান্ত সচিব মো. আলী হাসান) একজন অভিজ্ঞ ড্রাইভারকে সাথে নিয়ে উপাচার্যের প্রোটোকলসহ দাপ্তরিক কাজে ঢাকায় গমন করেন গত ২০১৭ সালের ৩ জুন। সেই থেকে আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের সুবিধাদি নিয়ে আসছেন। সে মোতাবেক গত ৩১ মে ২০২১ ইং-এ উপাচার্য হিসেবে আপনার মেয়াদের কার্যকাল শেষ হয়েছে।

এ বিষয়ে জানতে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নিয়োগ হয় ২০১৭ সালের ১ জুন এবং তার মেয়াদ পূর্ণ হয় ২০২১ সালের ৩১শে মে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন ২০১৭ সালের ১৪ জুন।

শিক্ষকদের টানানো হাজিরা খাতা অনুযায়ী, উপাচার্য তার পূর্ণ মেয়াদে ১ হাজার ৪৪৭ দিনের মধ্যে কর্মস্থলে উপস্থিত ছিলেন মাত্র ২৪০ দিন। সেখানে তাকে ‘মেয়াদোত্তীর্ণ’ বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply