মিঠাপুকুরে শিক্ষকের বেত্রাঘাতে অসুস্থ্য স্কুল ছাত্র

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে শিক্ষকের অমানবিক নির্যাতনে এক স্কুল ছাত্র অসুস্থ্য হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার  উপজেলার চুহড় উচ্চ বিদ্যালয়ে। এ বিষয়ে ওই ছাত্রের বাবা বিদ্যালয় পরিচালনা কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ, অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামের আঃ সোবহানের ছেলে শাফায়ত ইসলাম বাধন স্থানীয় চুহড় উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করে।

সোমবার বিদ্যালয়ে অংক ক্লাস করার সময় কর্তব্যরত শিক্ষক রিপন মিয়া ক্লাসে অমনোযোগী হওয়ার দায়ে বাধনকে বেদম বেত্রাঘাতের কারণে ডান হাত, ডান পা, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়।

ছাত্রের বাবা আব্দুস সোবহান এব্যাপারে প্রতিকার চেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

চুহড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছাত্র অন্যায় করলে শিক্ষক শাসন করতেই পারে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম বলেন, বর্তমানে কোন ক্রমেই শিক্ষার্থীদের বেত্রাঘাত করার সুযোগ নেই। এটা সম্পূর্ণ নিষেধ এবং অমানবিক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি।

এম২৪নিউজ/আখতার