
অনলাইন ডেস্ক:
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার বিকাল ৪টা ৫ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে যমুনা গ্রুপের পত্রিকা দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’আসায় গত ১৪ জুন এভারকেয়ারে ভর্তি হয়েছিলেন বাবুল। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বাবুলের স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য। জাতীয় পার্টির নেতা সালমা এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
তাদের ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিন মেয়ে- শারিয়াত তাসরিন সোনিয়া, মনিকা নাজনীন ইসলাম এবং সুমাইয়া রোজালিন ইসলাম যমুনা গ্রুপের পরিচালক।
সাইফুল আলম জানান, করোনাভাইরাসে আক্রান্ত নুরুল ইসলাম বাবুলের কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার চিকিৎসায় ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এভার কেয়ারে। এর বাইরেও চীন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নেওয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
সূত্র: বিডি নিউজ২৪