চুরির অপবাদে মা-মেয়েকে নির্যাতনকারীর তিন সহযোগী গ্রেফতার

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান মিরানুল ইসলামের তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন, গরু চুরি মামলার বাদী পহরচাঁদা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদুল হকের ছেলে নজরুল ইসলাম, নির্যাতনকারী চেয়ারম্যানের সহযোগী ইমরান হোসনের ছেলে জসিম মিয়া ও জিয়াউল হকের ছেলে নাসির উদ্দিন।

অপরদিকে ওই ঘটনায় পাঁচজনের মধ্যে মা-মেয়েসহ তিনজনের জামিন দিয়েছে আদালত। সোমবার সকালে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব এই জামিন দেন।

চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় ঘটনাটি তুলে ধরে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেবের আদালতে আসামিদের জামিনের জন্য প্রার্থনা করেন অ্যাডভোকেট ইলিয়াছ আরিফের নেতৃত্বে একদল আইনজীবী।

এ সময় আদালতের বিচারক রাজিব কুমার দেব আসামিদের আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দেন। পরে পুলিশ সোমবার সকালে মা পারভীন আক্তার ও মেয়ে সেলিনা আক্তারকে আদালতে উপস্থিত করেন। এ সময় আদালত মা-মেয়েসহ তিনজনকে জামিন দেন। অন্য দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার