ছাতক থানায় হেফাজত কর্মীদের হামলা, ৫ পুলিশ আহত

অনলাইন ডেস্ক:

সোনারগাঁওয়ে মামুনুল হককে আটকের জেরে সুনামগঞ্জের ছাতক থানায় হামলা চালিয়েছে হেফাজত কর্মীরা। শনিবার (৩ এপ্রিল) রাত ৯টায় এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্য।

এর আগে ছাতক পৌর শহরে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। পরে তারা থানায় হামলা চালালে ৪০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়।

ঘটনার পরপরই ছাতক পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। রাতেই ছাতক থানা পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জে আটক করা হয়েছে এমন খবর পেয়ে ছাতক পৌর শহরে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও অনুসারীরা। এক পর্যায়ে তারা থানায় ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।

আহত পুলিশ সদস্যরা হলেন- রাকিব উদ্দিন, সাইদুল ইসলাম, দিলশাদ মিয়া, রবিউল আলম ও সুবল দাস। আহত পুলিশ সদস্যরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন।

এ ব্যাপারে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন বলেন, ‘রাতে কয়েকশ’ লোক থানায় অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে।’

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেড় শতাধিক লোক থানায় অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ সূত্র: সিটিনিউজ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply