
অনলাইন ডেস্ক:
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার।
সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার বলেন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ৩ অগাস্ট রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়াও সেদিন জেলা থেকে আরও ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।
বুধবার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে নয় জনের কোভিড-১৯ শনাক্ত হয়। অন্যরা হলেন সদর উপজেলার ১ জন, পীরগঞ্জ উপজেলার ১ জন ও রাণীশংকৈল উপজেলায় ৬ জন।
সিভিল সার্জন জানান, রমেশ চন্দ্র সেনের এখন কোনো ধরনের উপসর্গ নেই। তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ঘরেই চিকিৎসা হচ্ছে তার। তার বাড়ির বাকিরা সুস্থ আছেন।
তথ্য- ডেইলী বাংলাদেশ, ছবি- ইত্তেফাক।