দিনের শুরুতেই সড়কে ঝরলো ৬ প্রাণ

অনলাইন ডেস্ক:

চুয়াডাঙ্গার সদর উপজেলায় বাসের ধাক্কায় ছয়জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে উপজেলার সরোজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চারজন।

নিহতরা হলেন, সদর উপজেলার খাড়াগোদা গ্রামের মাহাতাবের ছেলে মিলন, তিতুদহ গ্রামের নুতা মিয়ার ছেলে সোহাগ, আব্দুর রহিমের ছেলে শরিফুল ইসলাম, নিয়তের ছেলে রাজু আহমেদ, হায়দার আলীর ছেলে কালু এবং বসুভান্ডারদহ গ্রামের নিতায়ের ছেলে ষষ্ঠি কুমার।  

পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতরা সবাই দিনমজুর। কাজের উদ্দেশ্যে তারা আলমসাধুতে করে যাচ্ছিলেন।

সদর থানার ওসি আবু ফখরুল মোহাম্মদ জিহাদ জানান, সরোজগঞ্জ বাজার এলাকায় ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস পরিবহনের বাসটি আলমসাধুকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময়ে একটি পাখিভ্যান ও মোটরসাইকেলকেও ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। গুরুতর আহত হন আরো ৫ জন।

এদিকে বাসের ধাক্কায় আহত পাঁচজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরওমও) ডা. শামীম কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।