
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে এক দিনের ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে সুস্থ হয়েছেন ২২৪ জন।
এর আগে শনিবার (২৮ আগস্ট) বিভাগে করোনায় তিনজনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ৮৫ জনের। এ নিয়ে গেল ২৯ দিনে বিভাগে করোনায় ২৬৭ জনের মৃত্যু হয়েছে। গড় হিসাবে প্রতিদিন বিভাগে ৯ জনের প্রাণহানি ঘটছে।
রোববার (২৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন মৃতদের মধ্যে রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও দিনাজপুর জেলার একজন করে রয়েছেন।
এ সময় ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জন করোনা শনাক্ত হয়েছে। এতে রংপুরের ২৭ জন, দিনাজপুরের ২১ জন, ঠাকুরগাঁওয়ের ১৯, নীলফামারীর ৯, লালমনিরহাট ৭, কুড়িগ্রামের ৬, গাইবান্ধার ৫ ও পঞ্চগড় জেলার পাঁচজন রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ।
নতুন তিনজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮৭ জনে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর। এ জেলায় সর্বোচ্চ ৩১৮ জন মারা গেছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৮০ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬৩ জন মারা গেছেন লালমনিরহাটে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৩৯, নীলফামারীতে ৮৫, পঞ্চগড়ে ৭৫, কুড়িগ্রামে ৬৬ ও গাইবান্ধায় ৬১ জন মারা গেছেন।
এম২৪নিউজ/আখতার