রংপুরে করোনায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৩

নিউজ ডেস্ক:

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন আরও ৯ জন। আজ বুধবার (৩০ জুন) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত ৯ জনের মধ্যে দিনাজপুরের তিনজন, রংপুরের তিনজন, ঠাকুরগাঁওয়ের দুজন এবং গাইবান্ধার একজন রয়েছেন। এ সময়ে বিভাগে নতুন ৪৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে দিনাজপুরে ১৩৬, ঠাকুরগাঁওয়ে ৮৯, রংপুরে ৮২, লালমনিরহাটে ৩৯, গাইবান্ধায় ৩৯, কুড়িগ্রামে ৩৮, নীলফামারীতে ২৮ এবং পঞ্চগড়ে ২২ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৩ জন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুন) বিভাগের আট জেলার ১ হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ১০ জন দেশে ফিরেছেন।

করোনাভাইরাস শনাক্তের পর থেকে মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৫৪ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৫ হাজার ৯৮০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৫১৯ জন।

এর মধ্যে দিনাজপুুরে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৬৪ জনের এবং মারা গেছেন ১৮৫ জন, রংপুরে আক্রান্ত ৫ হাজার ৯৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১১৪ জনের, ঠাকুরগাঁওয়ে আক্রান্ত ৩ হাজার ২৭৬ জন এবং মারা গেছেন ৮৫ জন, গাইবান্ধায় আক্রান্ত ২ হাজার ১১৭ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ২৪ জনের।

এ ছাড়া নীলফামারীতে আক্রান্ত ১ হাজার ৮৪৯ জন ও মারা গেছেন ৩৮ জন, কুড়িগ্রামে আক্রান্ত ১ হাজার ৭৭৮ জন ও মারা গেছেন ২৭ জন, লালমনিরহাটে আক্রান্ত ১ হাজার ৪৮৩ জন ও মৃত্যু হয়েছে ২৪ জনের এবং পঞ্চগড়ে আক্রান্ত ১ হাজার ৫৬ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply