
রংপুর অফিস:
রংপুর বিভাগে তিন দফা দাবিতে ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা।
সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।এই ধর্মঘটের কারণে পেট্রোল পাম্প মালিকরা ডিপো থেকে তেল উত্তোলন করেননি। বিভাগের পাম্প গুলো খোলা এবং মজুদ তেল বিক্রি করছে পাম্প মালিকরা।
পেট্রোল পাম্প মালিক সমিতির নেতাদের তিন দফা দাবি গুলো হচ্ছে বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রয় কমিশন বাড়াতে হবে,অয়েল ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংক-লরি ভাড়া বাড়াতে হবে, পেট্রোল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে।কর্মসূচি পালনকালে রংপুরের নেতারা তাদের উত্থাপিত দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে সারা দেশব্যাপী এই আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে ভোক্তারা বলছেন, পেট্রোল পাম্প বন্ধ হলে সব কিছুতেই এর নেতিবাচক প্রভাব পড়বে।
গত ৫ আগস্ট রাতে দাম বাড়ানো হয় জ্বালানি তেলের। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য (১ লিটার) ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা হবে। তার আগ পর্যন্ত কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোল ৮৬ টাকায় বিক্রি হয়েছে।
পেট্রোল পাম্প মালিক সমিতির রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, আমরা সকাল ৬ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত প্রতীকি ধর্মঘট পালন করেছি। এসময়ে আমরা কোথাও কোনো ডিপো থেকে তেল উত্তোলন করিনি। আমাদের তিন দফা দাবি মেনে না নেয়া হলে আমরা পাম্প বন্ধ রেখে তেল উত্তোলনের কর্মসূচি আরো জোরদার করা হবে।
এম২৪নিউজ/আখতার