রমেক পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় আরো ৫৩ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক:

রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে চার জেলার আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, পুলিশ, ব্যাংকরাসহ হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।

রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে মিঠাপুকুরে ৩, বদরগঞ্জে ২, গঙ্গাচড়ায় ১, পীরগঞ্জে ১, পীরগাছায় ১ জন, এনআরবিসি  ব্যাংকে কর্মরত ২, চিকিৎসক ১, রমেকহা আরটিআই  কর্ণারের ১ জনসহ নগরীর  ধাপ লালকুঠিতে ২, তাজহাটে ২, ধাপ শ্যমলী লেন ১ ও শালবন মিস্ত্রীপাড়ার ১ জন রয়েছেন।

এনিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৫৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২১৭ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়েছে জেলায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও লালমনিরহাট সদরে ৬, হাতিবান্ধায় ৩, আদিতমারীতে ২ ও কালিগঞ্জে ২ জন, গাইবান্ধা সদরে ৬, ফুলছড়িতে ৩, সুন্দরগঞ্জে ২, পলাশবাড়ীতে ১ জন এবং কুড়িগ্রাম সদরে ৬, নাগেশ্বরীতে ২, রাজারহাটে ১ ও ভুরুঙ্গামারীতে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১৮,  লালমনিরহাটে ১৩, গাইবান্ধায় ১২ এবং কুড়িগ্রাম জেলার ১০ জনের করোনা শনাক্ত হয়েছেন।

অন্যদিকে রংপুর বিভাগের আট জেলায় সোমবার (২৭ জুলাই) ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮০০ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৮৭৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে আট জেলায় মৃত্যু হয়েছে ১০৫ জনের।