
অনলাইন ডেস্ক:
শেরপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারীসহ চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
রবিবার সকালে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুকসানা, সেলিম, ময়না ও জবেদ আলী। এরমধ্যে সেলিম ও ময়না সম্পর্কে স্বামী-স্ত্রী। জবেদ আলী ছিলেন সিএনজি চালক। আহত এবং নিহতদের সবার বাড়ি জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে যাচ্ছিল। পথিমধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। গুরুতর আহত দুইজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সদর থানার ওসি আব্দুল্লাহ-আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ট্রাকটি হেফাজতে নেয়া হলেও চালক পালিয়ে গেছেন। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার