
অনলাইন ডেস্ক:
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও একই পরিবারের তিনজনসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার বিকাল পৌনে ৫টায় উপজেলার বাজারস্থ শাহ মুশকিল আহসান (র.) মাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, নবীগঞ্জ থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
অটোরিকশার সাত যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পরিচয় পাওয়া গেছে ছয়জনের। তারা হচ্ছেন- মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুন বেগম (২৮), তার মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাই আনু মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাইহাল গ্রামের নুরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (২২), সাতাইহাল (কাজীপাড়া) গ্রামের লিজা আক্তার (১৯), দেবপাড়া ইউনিয়নের লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০), অজ্ঞাত পুরুষ (২৬)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস ফুলতলী বাজারে পৌছলে স্থানীয় আউশকান্দি থেকে পানিউমদাগামী দুটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। অটোরিকশা দুটি বাসের নিচে পিষ্ট হয়। অটোরিকশাসহ বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহীরা মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক ভূইয়া জানান, এখনও উদ্ধার অভিযান চলছে। নিহতদের সবার পরিচয় জানা যায়নি। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার