
নিউজ ডেস্ক:
লালমনিরহাটের হাতীবান্ধায় শিয়ালের কামড়ে বন কর্মকর্তাসহ ৯ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার নওদাবাস শালবন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলা বন কর্মকর্তা ৪৫ বছর বয়সী খায়রুল ইসলাম, নওদাবাস শালবন এলাকার ৭৫ বছরের আব্দুল মজিদ, ৫৫ বছরের রমিচা বেগম, ৫৫ বছরের বিনোদ চন্দ্র বর্মন ও জাহানারা বেগমসহ ৯ জন।
জানা গেছে, বনের ভেতর থেকে বের হয়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি শিয়াল। পরে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে কামড় দেয়। এরপর শিয়ালটি বন বিভাগের অফিসে ঢুকে বন কর্মকর্তা খায়রুলকেও কামড় দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহেনুমা ইসলাম বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার নওদাবাস বন কর্মকর্তা আহত খায়রুল ইসলাম বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই অফিসে ঢুকে হাতে ও পায়ের কয়েক জায়গায় কামড় দেয় একটি শিয়াল। এর আগে এমনটি কোনোদিন ঘটেনি। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার