মেম্বারের চাল ঘরে রেখে দণ্ডিত হলেন দিনমজুর

নিউজ ডেস্ক:

ফরিদপুরের ভাঙ্গার চান্দ্রা ইউপিতে গোয়ালবেড়া গ্রামে এক দিনমজুরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির ছয় বস্তা চাল। এ জন্য ওই দিনমজুরকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ইউএনও রাকিবুল রহমান খান।

এদিকে স্থানীয় এক ইউপি সদস্য (মেম্বার) ওই দিনমজুরের বাড়িতে ওই চাল রাখায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে ভাঙ্গা থানায়।

গোপন সংবাদের ভিত্তিতে দিনমজুর আলমগীর মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজির ছয় বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেন ইউএনও। এ কারণে ওই জায়গায় আদালত বসিয়ে আলমগীরকে ২০১২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আলমগীর মোল্লা আদালতকে জানান, এ চাল ওই ইউপির ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিঘলকান্দা গ্রামের মিজানুর রহমান পাঁচ দিন আগে ভ্যানে করে তার বাড়িতে এনে রাখেন। ইউপি সদস্য দুইদিন পর ওই চাল নিয়ে যেতে চেয়েছিলেন।

আলমগীরকে কারাদণ্ড দেয়ার পর আদালত দীঘলকান্দা গ্রামে ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালান। কিন্তু মিজানুরকে বাড়িতে পাওয়া যায়নি। পরে আদালত উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. তারিকুজ্জামান বলেন, এ ব্যাপারে ভাঙ্গা খানায় মিজানুর রহমানকে একমাত্র আসামি করে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে একটি মামলা করা হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।