মিঠাপুকুরে ধানক্ষেত থেকে উদ্ধার ফুটফুটে নবজাতক, হাসপাতালে মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ভেসে আসা কান্নার সুত্র ধরে ধানক্ষেত থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করে স্থানীয়রা। খোলা আকাশের নিচে পড়ে থাকা অজ্ঞাত ওই নবজাতককে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সেবা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এর আগে ওইদিন সকাল ৯ টার দিকে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর উত্তরপাড়া গ্রাম সংলগ্ন একটি ধানক্ষেত থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জন ডাক্তার খালিদ বিন কাশিম নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে আব্দুল করিম নামের এক কৃষক কৃষি জমিতে যাওয়ার সময় হঠাৎ কান্নার শব্দ শুনতে পায়। পরে নবজাতকের ভেসে আসা কান্নার সুত্র ধরে কৃষক এগিয়ে গেলে ধানক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে ফুটফুটে নবজাতককে দেখতে পায়। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান সেখানে। পরে এলাকাবাসী ও পুলিশের সহযোগীতায় প্রাথমিক সেবা দেয়ার পর নবজাতককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধার দিকে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এখনো শিশুটির কোনো পরিচয় মেলেনি। এমন হৃদয়বিদারক ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

একজন স্থানীয় নারী বাসিন্দা বলেন, আমরা শিশুটিকে দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। মানুষ এমন নির্মম হতে পারে!

এদিকে ঘটনাটি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নবজাতকটির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন আগ্রহ প্রকাশ করেন। কিন্তু দিনভর জীবনযুদ্ধে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যুর খবরে সোস্যাল মিডিয়া সহ জনমনে শোকের ছায়া নেমে এসেছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সকালের দিকে গ্রামের লোকজন ধানক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করে। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগীতায় চিকিৎসার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধার দিকে জানতে পারি শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এখনো শিশুটির পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply