
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ (নয়াপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার হাবিবুর রহমান (৩২), হাফিজুর রহমান (৩৩), শামীম মিয়া (২৪), এবং সুমন সরকার ওরফে তিতাস (২৮)। তাদের বাবার নাম যথাক্রমে লাল মিয়া (প্রথম ৩ জন) এবং সুলতান মিয়া (সুমন সরকার)।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি শুধু রংপুরেই নয়, দেশের বিভিন্ন জেলার সাধারণ মানুষকেও একই কায়দায় প্রতারণা করে আসছিল। শেরপুর জেলার এক ভুক্তভোগী রিপন মিয়ার দায়ের করা মামলার ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চক্রটির মূল হোতাদের আটক করা সম্ভব হয়।
এই চক্রের প্রতারণার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে এবং সংবাদ প্রকাশিত হলে প্রশাসন আরও নড়েচড়ে বসে। স্থানীয় সাংবাদিকদের তৎপরতায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়, যার ফলশ্রুতিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয় এবং এই চক্রকে ধরতে অভিযান পরিচালনা করে।
মামলার এজাহার থেকে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো পরিচালনা এবং ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে প্রলুব্ধ করত। তারা কৌশলে ভুক্তভোগীদের বিভিন্ন স্থানে ডেকে নিয়ে অজ্ঞান করে তাদের টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত। রিপন মিয়া নামে ওই ভুক্তভোগীও তাদের প্রতারণার শিকার হয়েছিলেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
এম২৪নিউজ/আখতার