
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঘাগট নদীতে গোসল করতে নেমে মাহি আক্তার (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) দুপুরে নিখোঁজ হলেও ঘটনার ২৯ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ রবিবার (২৪ মে) বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মাহি আক্তার উপজেলার ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের মনু মিয়ার মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশে ঘাগট নদীতে গোসল করতে নামে মাহি। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।
বর্তমানে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুইটি বিশেষ টিম নদীতে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধার অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করছে মিঠাপুকুর থানা পুলিশ। তবে নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
নিখোঁজ মাহি আক্তারকে ফিরে পেতে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও উদ্ধারকারী দল তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মিঠাপুকুর থানা পুলিশ ও নিখোঁজ শিশুটির পরিবারের পক্ষ থেকে জনসাধারণের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে- যদি কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা:
মিঠাপুকুর থানা পুলিশ, মোবাইল নাম্বার: 01320-131490
এম২৪নিউজ/আখতার