
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বসা বিভিন্ন পশুর হাটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় সরকারি নির্দেশনা ও নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত টোল (হাসিল) আদায়ের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি হাটে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরআগে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন আসাদুজ্জামান রতন নামে একজন ভুক্তভোগী।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৬ মে) বিকেলে পশুর হাটে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ।
তিনি জানান, মিঠাপুকুর উপজেলার পশুর হাট গুলোতে ক্রেতা বিক্রেতাদের কাছে অতিরিক্ত টোল আদায়ের পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেওয়া রশিদে আদায় করা টাকার পরিমাণ উল্লেখ করা হচ্ছে না। এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৬ মে) অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার বৈরাতী পশুর হাট ইজারাদার প্রতিনিধিকে ৫০ হাজার এবং একই অভিযোগে উপজেলার জায়গীরহাট ইজারাদার প্রতিনিধিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও আরও জানান, ঈদকে সামনে রেখে উপজেলার সব কোরবানির পশুর হাটে নির্ধারিত হারের বাইরে যেন কোনো অতিরিক্ত হাসিল আদায় না হতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এম২৪নিউজ/আখতার