
ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ ।।
অনলাইন ডেস্ক:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছিল ক্রিকেট তথা বিশ্ব ক্রীড়াঙ্গন। দীর্ঘ ১১৬ দিন পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মাঠে টেস্ট ক্রিকেট ফিরেছিল। এর ২২ দিন পর ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হয় ওয়ানডে ক্রিকেট। এবার টি-টোয়েন্টির পালা। ১৬৭ দিন পর আগামীকাল ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের মধ্য দিয়ে আবারো দেখা যাবে টি-টোয়েন্টি ধামাকা।
ম্যানচেস্টারে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি মানতে জৈব-সুরক্কিত পরিবেশে সিরিজের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের ব্যাপারেও আশাবাদী ইংলিশরা। তবে পাকিস্তানও স্বাগতিকদের ছেড়ে কথা বলবে না।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান বলেছেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজ খেলেছি। এবার পাকিস্তানের বিপক্ষে খেলবো টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি ক্রিকেটও ফিরছে মাঠে যা খুবই আনন্দের।’
মরগান আরো বলেন, ‘আমরা মাঠে নামতে মুখিয়ে আছি। এই সিরিজে আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। কারণ পাকিস্তান এই ফরম্যাটে শক্তিশালী দল। তাদের হারানো কঠিন হবে না। কিন্তু নিজেদের সেরাটা খেলতে পারলে আমরা সাফল্যের দেখা পাবো। আমাদের একটাই লক্ষ্য, সিরিজ জয়।’
এদিকে সিরিজ জয়ের স্বপ্নের কথা জানিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘টেস্ট সিরিজ হারলেও দল হিসেবে আমরা যথেষ্ট ভালো খেলেছি। প্রথম টেস্টে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। অন্যথায় সিরিজের চিত্র অন্যরকম হতে পারতো। দলের অনেকেই টেস্ট সিরিজে খেলেনি, ফলে টি-টোয়েন্টি দলটি পুরো চাঙ্গা আছে। আমি আমার দল নিয়ে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদি।’
ইংল্যান্ড স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), জেসন রয়, টম ব্যান্টন, স্যাম বিলিংস, মঈন আলী, জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি ও ডেভিড উইলি।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ ও ওয়াহাব রিয়াজ। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার