করোনা আতঙ্কে মুজিববর্ষের টি-টোয়েন্টি ম্যাচ স্থগিত

নিউজ ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কনসার্ট এবং এশিয়া ও বিশ্ব একাদশের দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। কিন্তু বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের কারণে কনসার্ট ও টি-টোয়েন্টি ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে বোর্ড। 

বুধবার (১১ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ এবং তার আগে কনসার্ট আয়োজনের যে প্রস্তুতি ছিল, তা পিছিয়ে দেয়া হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে আগামী ২১ ও ২২ মার্চ ঢাকায় বিশ্বের ক্রিকেট তারকাদের মিলনমেলার প্রস্তুতি নিয়েছিল বিসিবি। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ব্যানারে নামিদামি অনেক তারকার মাঠে নামার কথা ছিলো। ম্যাচ দুটির আগে ১৮ মার্চ ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমানের কনসার্টও চূড়ান্ত করেছিল বোর্ড। 

গত রোববার বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার পরই এই আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। সেই শঙ্কা সত্যি হলো। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাপন গণমাধ্যমকে বলেন, আমাদের হাতে দুটো বিকল্প ছিল। ১৮ তারিখে একটা কনসার্ট করার কথা ছিল। আমরা ছোটভাবে করতে পারতাম এটা। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বড়ভাবেই এটা করব। যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবেই করব। এজন্য এখন ছোটভাবে না করে আমরা এটাকে পিছিয়ে দিচ্ছি। এটা ১৮ তারিখ হচ্ছে না। পরিস্থিতির উন্নতি যখন হবে, তখন আবার এটা আমরা আয়োজন করব বড় করে। ২১ ও ২২ তারিখ যে খেলাগুলো হচ্ছে, সেটা নিয়েও সমস্যা হচ্ছে।

টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে তিনি বলেন, সবাই এখানে এসে খেলতে পারবে, এমন কোনো কথা নেই। আবার খেলে যে ফিরে যেতে পারবে, সেই নিশ্চয়তাও নেই।

সূত্র: ডেইলী বাংলাদেশ।