দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুযোগ পাচ্ছেন শামীম

অনলাইন ডেস্ক:

শেষ দিকে বিগ হিটের মাধ্যমে ভালো ফিনিশিং ও দু্র্দান্ত ফিল্ডিংয়ের জন্যই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি। কিন্তু এখন পর্যন্ত টাইগাররা ৬টি ম্যাচ খেললেও মাঠে নামার সুযোগ পাননি। অবশেষে মঙ্গলবার (২ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে অভিষেক ঘটতে যাচ্ছে তার।

আজ (১ নভেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। সেখানেই তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, চোট থেকে এখনো পুরোপুরি সুস্থ না হওয়াতে প্রোটিয়াদের বিপক্ষেও বিশ্রামে থাকছেন নুরুল হাসান সোহান। তার জায়গাতেই খেলবেন শামীম।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই নজর কেড়ে নিয়েছিলেন এই তরুণ ব্যাটার। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে তেমন সুযোগ পাননি। তবুও তাকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে। ম্যাচ না খেললেও নিয়মিতই অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে নামছেন তিনি। এবার মূল একাদশে সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে। সাকিব না থাকায় একাদশে এমনিতেও একটি পরিবর্তন আসছে। তবে তার বদলি কে খেলবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্পিনার নাসুম বা পেসার রুবেল হোসেনের মধ্যে যেকোনো একজন সুযোগ পেতে পারেন। এক্ষেত্রে নাসুমের খেলার সম্ভাবনা বেশি। কারণ, একাদশে আগে থেকেই তিন পেসার তাসকিন, শরীফুল ও মুস্তাফিজ আছেন। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply