বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ চ্যাম্পিয়ন বরিশাল

নিউজ ডেস্ক:

তৃণমূল থেকে নতুন খেলোয়াড় তৈরির লক্ষে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। এবার তাদের উদ্যোগে আয়োজিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে ফাইনালে চট্টগ্রাম বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগের ছেলেরা।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ গোলে ড্র। অতিরিক্ত সময়ের ১১তম মিনিটে গোলাম রাব্বীর গোলে শিরোপার স্বাদ পায় বরিশাল।

ফাইনালের ৪৮ মিনিটে তৌহিদুলের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম বিভাগ। যদিও সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ৬৬তম মিনিটে রাশেদুল ইসলামের গোলে সমতায় ফেরায় বরিশাল। এরপর নির্ধারিত সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অসাধারণ পারফরমেন্সের জন্য রাব্বি নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা। সেই সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও লাভ করেছেন রাব্বি।  তবে সেরা গোল রক্ষকের পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম বিভাগের আজগর। আর টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন বরিশালের সাইফুল ইসলাম।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে  ট্রফিসহ নগদ দুই লাখ টাকা প্রাইজমানি হিসেবে দেয়া হয়েছে। রানার্স আপ দল পেয়েছে নগদ এক লাখ টাকার প্রাইজমানি।

এর আগে খুলনা বিভাগকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ন হয়েছিল বরিশাল। আর টাইব্রেকারে ময়মনসিংহ বিভাগকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) –এ উপজেলা পর্যায়ে ৪৮২৮টি জেলা পর্যায়ে ৫৮১টি বিভাগীয় পর্যায়ে ৬৮টি ও জাতীয় পর্যায়ে ৮টি দলের সর্বমোট ৯৮,৭৩০ জন খেলোয়াড় অংশগ্রহন করে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।